বগুড়া জেলা প্রতিনিধি| মীর মো: রাকিব হাসান:
বগুড়া, ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এরশাদ হোসেন (৩৭), মো. এনামুল হক (৫০) ও মো. বিদ্যুৎ সোনার (২৫)। তাঁদের মধ্যে প্রথম দুজন আদমদীঘি উপজেলার বড় মালশন এলাকার এবং অপরজন দুপচাঁচিয়া উপজেলার মহিষমণ্ডা এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত একজনকে দুই মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।





















