ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব, সুলতানপুর, রামরাইল ও সিঙারবিল ইউনিয়নকে উপজেলা করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রস্তাবিত উপজেলা গঠন নিয়ে স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে বিক্ষুব্ধ এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে প্রস্তাবিত উদ্যোগের বিষয়ে তাদের আপত্তি ও উদ্বেগ তুলে ধরেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বরিশলকে ইউনিয়নে রূপান্তরের ক্ষেত্রে আশপাশের বিভিন্ন গ্রামের সীমানা অন্য ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করে যুক্ত করা হয়েছে। তাদের দাবি, বরিশল ইউনিয়ন গঠনের পর এবার সেটিকে উপজেলায় রূপান্তরের জন্য বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রস্তাবিত উদ্যোগের বিরোধিতা করে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।
চিঠিতে তিনি সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণের মতামত, প্রত্যাশা ও বৃহত্তর জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, জনগণের মতামতই হোক প্রশাসনিক সিদ্ধান্তের অন্যতম ভিত্তি। জনস্বার্থের প্রতিফলন ঘটুক প্রতিটি সিদ্ধান্তে—এটাই সবার প্রত্যাশা।
এদিকে, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদানের ঘটনায় স্থানীয় প্রশাসনের অবস্থান এবং প্রস্তাবিত উপজেলা গঠন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, কোনো এলাকার প্রশাসনিক সীমানা পরিবর্তন কিংবা নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব এলাকার জনগণের মতামত গ্রহণ এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে হবে।





















