মীর মোঃ রাকিব হাসান,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া, ২ নভেম্বর ২০২৬: বগুড়ার শাজাহানপুরে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত নাজমুল শেখকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬, রোববার দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. বজলুর রশিদ (৫৬) তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির পাশে রেখে যান। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২ নভেম্বর ২০২৬ তারিখে নিয়মিত চুরির মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলা নম্বর ০৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজল চন্দ্র দেবনাথ ঘটনার পরপরই তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা হয়।
পরবর্তীতে এসআই সজল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানার সামনে অভিযান চালিয়ে নাজমুল শেখকে গ্রেপ্তার করে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আলম শেখ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নাজমুল শেখের হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




















