শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
সোমবার (২ নভেম্বর) সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি ও জেলা ছাত্রদলের সভাপতি এম, সালাউদ্দিন মামুন, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সদস্য ওসমান গনি রাসেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘রক্ত আল্লাহর দান। রক্তের প্রয়োজনীয়তা আমরা তখন বুঝি যখন আমাদের কারো প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদের এগিয়ে আসতে হবে।
যদিও আমরা এ বিষয়ে এখন অনেকটা এগিয়ে। কিন্তু, আমাদের আরও এগিয়ে আসতে হবে। রক্ত দিয়ে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’




















