সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি এম জি রব্বানী সরকার।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজানুর রহমানের হাতে এ অর্থ তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা মরহুম আবু হাসান সরকারের ছেলে মো. আলম সরকার, ব্যবসায়ী সৈয়দ জামান, মিলন সরকার, মো. সফিয়াল শেখসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এম জি রব্বানী সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি মিজানুর রহমানকে ২ লাখ টাকা সহায়তা দিয়েছেন। পাশাপাশি বাজারের অন্য ব্যবসায়ীদেরও তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মধ্যরাতে হাসানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও দুটি গোডাউনের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এর মধ্যে মিজানুর রহমানের একটি মুদি দোকান ও দুটি গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।




















