শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীতে বিনামূল্যে দুই দিনব্যাপী প্রায় ৫ হাজার মানুষকে ডেঙ্গু জ্বরের হোমিও প্রতিষেধক খাওয়ানোর কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত শুক্র ও শনিবার সকাল থেকে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি পরিচালনা করেন সহিদ হোমিও মেডিকেলের মালিক হোমিও চিকিৎসক মো: সহিদ উল্যাহ।
এ সময় তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সারাদেশের হাসপাতালগুলোতে দুই হাজারের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর বাইরেও অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের সেপ্টেম্বরেই প্রায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। শিশুদের ক্ষেত্রে উচ্চ জ্বর, ফুসফুস ও পানিশূন্যতার মতো জটিলতা বেশি দেখা যাচ্ছে। তাই ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধের চেষ্টা হিসেবে এই উদ্যোগ নিয়েছেন তিনি।
প্রয়োজনে অন্য কোনো এলাকায় সহযোগিতা চাওয়া হলে সেখানেও ক্যাম্প ও ঔষধ সহায়তা দেওয়া হবে বলে জানান ডা: মো: সহিদ উল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য দ্বীন মোহাম্মদ, মো: আলা উদ্দিন, মো: বিজলু, ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য মো: মানিক, মো: ইব্রাহিম, মো: ইউছুফসহ স্থানীয়রা।




















