তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের পক্ষে জনসমর্থন ও দোয়া চেয়ে নির্বাচনী সভা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তালা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেজুরবুনিয়া বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে রফিকুল ইসলাম দাদু বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় আপনাদের পাশে ছিলাম, সুখে-দুঃখে আপনাদের সঙ্গে থেকেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।’
৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা তানছেল নিকারি, তাহাজ্জাদ খাঁ, স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন খাঁ, শাহিন বিশ্বাস, ছাত্রনেতা বিল্লাল ও মুন্না প্রমূখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।




















