গাইবান্ধা প্রতিনিধি:
শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছের চারা, আর সেই চারাকে ঘিরে সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন। পরিবেশ রক্ষার এমনই এক ব্যতিক্রমী উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার উপজেলার ভাতগ্রাম গার্লস স্কুল প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ‘অঙ্কুর’-এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘অঙ্কুরে অঙ্কুরে বেঁচে থাকুক প্রাণ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিয়াম নার্সারির স্বত্বাধিকারী জিল্লুর রহমান জিল্লু। ভাতগ্রাম গার্লস স্কুলের প্রধান শিক্ষক সৌরভ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।
বক্তারা বলেন, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অপরিসীম ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়াও জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, আজকের ছোট্ট একটি চারা আগামী দিনে হয়ে উঠতে পারে ছায়া, ফল ও প্রাণের আশ্রয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি ও আয়োজকেরা বৃক্ষরোপণ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জোনার ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় তরুণদের মধ্যে রিয়ন শেখ, রোহান, রিফাত ও নির্জনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা তৈরি, বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে সবুজ পৃথিবী গড়ার কাজে সম্পৃক্ত করতেই ‘অঙ্কুর’ কর্মসূচির আয়োজন। একটি চারা থেকে একটি সবুজ স্বপ্নের জন্ম—এই প্রত্যয়ে ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে জোনার ফাউন্ডেশনের।




















