রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ৫০৩টি উপজেলার সঙ্গে একযোগে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশব্যাপী দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একই সময়ে তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তনে স্থাপিত বড় পর্দায় ওই অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা প্রদীপ মন্ডল, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা হাসিফুর রহমান নাদিম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মকর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ক্ষুদে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংগঠকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা স্টেডিয়ামে হাজার হাজার শিশু-কিশোরের বর্ণাঢ্য ডিসপ্লে, কুচকাওয়াজ এবং চীনের শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এবারের আসরে সারাদেশে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছেন।
এবার প্রথম আসরের ৮টি ইভেন্টের সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এতে অংশ নিতে পারবে। এবারের স্লোগান “খেলাধুলা পেশা, পরিবারের নিশ্চয়তা”।
তাড়াইল উপজেলাতেও ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে আগামী মে-জুনের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার লক্ষ্য রয়েছে।




















