সরকার শাহাদত হোসেন :
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তি। তাঁর সঙ্গে গোসল করতে নামা আরও তিনজন নিরাপদে তীরে ফিরলেও নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। গত বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। পরদিন দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে ফিরলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দল পাঠানোর অনুরোধ জানানো হয়।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান চালানো হবে।
নিখোঁজ নিয়ন হুদার সন্ধানে স্বজনেরা অপেক্ষায় রয়েছেন।





















