রাতের শিশিরে ভেজা ঘাস, ভোরের হালকা থেকে মাঝারি কুয়াশা আর দিনের মিষ্টি রোদ—প্রকৃতির এমন স্নিগ্ধ আয়োজন নিয়েই বাংলার ঋতুচক্রে আগমন ঘটে অগ্রহায়ণের। হেমন্তের এই মাস যেন প্রকৃতি ও মানুষের জীবনে নিয়ে আসে এক নতুন আনন্দের বার্তা। বিশেষ করে কৃষকের কাছে অগ্রহায়ণ কেবল একটি মাস নয়; এটি সারা বছরের শ্রম, সাধনা ও অপেক্ষার ফসল ঘরে তোলার আনন্দময় সময়। আজ অগ্রহায়ণের প্রথমদিন।
গ্রামবাংলার মাঠজুড়ে পাকা আমন ধানের সোনালি আভা, কৃষকের মুখে তৃপ্তির হাসি আর বাড়ির উঠোনে নতুন ধানের ঘ্রাণ সব মিলিয়ে অগ্রহায়ণ হয়ে ওঠে বাংলার কৃষিজীবনের এক অনন্য উৎসব। কৃষকের গোলায় যখন নতুন ধান ওঠে, তখন সেই আনন্দ ছড়িয়ে পড়ে পরিবারের প্রতিটি সদস্য থেকে শুরু করে পুরো গ্রামীণ জনপদে।
অগ্রহায়ণের অন্যতম প্রাণের উৎসব নবান্ন। ‘নবান্ন’ শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধানের চাল দিয়ে ঘরে ঘরে পিঠা, পায়েসসহ নানা রকমের মুখরোচক খাবার তৈরির মধ্য দিয়ে উদ্যাপিত হয় এই চিরায়ত উৎসব। নতুন চালের ঘ্রাণে মুখর হয়ে ওঠে বাড়ির উঠোন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিনিময় হয় আনন্দ ও আপ্যায়ন। বাংলার কৃষিভিত্তিক সমাজ ও লোকজ সংস্কৃতির সঙ্গে নবান্নের এই সম্পর্ক বহু প্রাচীন। এটি কেবল নতুন ফসল ঘরে তোলার উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও শেকড়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক সাংস্কৃতিক অনুষঙ্গ।
নবান্নকে ঘিরে গ্রামবাংলায় শুরু হয় আরেক আয়োজন পিঠাপুলির প্রস্তুতি। নতুন চালের গুঁড়া আর শীতের আগমনী বার্তার সঙ্গে খেজুরের রসের মিষ্টি স্বাদ মিলিয়ে তৈরি হয় বাহারি পিঠা। খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি, নতুন গুড়ের ঘ্রাণ আর চুলায় পিঠা তৈরির ব্যস্ততা সব মিলিয়ে অগ্রহায়ণ ও শীতের শুরু বাঙালির জীবনযাত্রায় যোগ করে এক আলাদা আবহ। নতুন ধান, নতুন চাল আর খেজুরের রসের এই মেলবন্ধন আমাদের লোকজ ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।
ইতিহাস ও লোকসংস্কৃতির আলোচনায় অগ্রহায়ণের রয়েছে বিশেষ তাৎপর্য। ‘অগ্র’ অর্থ প্রথম এবং ‘হায়ণ’ অর্থ বছর বা সময়কাল—শব্দটির সঙ্গে প্রথম মাসের ধারণার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। বাংলা সনের প্রাচীন ধারায় অগ্রহায়ণকে বছরের প্রথম মাস হিসেবে গণ্য করার প্রচলনও ছিল। ফলে এই মাসের সঙ্গে ফসল, নতুনত্ব ও প্রাচুর্যের সম্পর্ক আরও গভীরভাবে যুক্ত।
প্রকৃতির এই রূপ ও কৃষকের আনন্দ কবি-সাহিত্যিকদের সাহিত্যেও পেয়েছে বিশেষ স্থান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অঘ্রাণের সওগাত’ কবিতায় অগ্রহায়ণের স্নিগ্ধতা ও নতুন ধানের আগমনী আনন্দের চিত্র ফুটে উঠেছে—
“ঋতুর খাঞ্চা ভরিয়া এল কি ধরণির সওগাত? নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হল মাত।”
কবির এই পঙ্ক্তিতে ধরা পড়েছে বাংলার চিরচেনা গ্রামীণ প্রকৃতি, নতুন ফসলের সৌরভ এবং কৃষকের ঘরে ফসল ওঠার আনন্দ।
যুগের পরিবর্তনে কৃষিকাজের ধরন বদলেছে, যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও কৃষিযন্ত্র। কিন্তু কৃষকের শ্রম, ফসলের প্রতি ভালোবাসা এবং নবান্নের আনন্দ আজও বাংলার মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।
কৃষিই আমাদের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবনের অন্যতম প্রধান ভিত্তি। আর কৃষকের অক্লান্ত পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ও কৃষিকে আরও সমৃদ্ধ করতে আধুনিক কৃষিপ্রযুক্তি এবং যান্ত্রিকীকরণের বিকল্প নেই। কৃষকের শ্রমকে সহজ করা, উৎপাদনশীলতা বাড়ানো এবং সময় ও ব্যয় সাশ্রয়ে কৃষিযন্ত্রের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অগ্রহায়ণের এই আনন্দঘন সময়ে নতুন ফসলের প্রাচুর্যে প্রতিটি কৃষকের ঘর ভরে উঠুক, কৃষকের মুখে ফুটে উঠুক স্বস্তি ও তৃপ্তির হাসি—এটাই আমাদের প্রত্যাশা। এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি (এএমআই) লিমিটেডের পক্ষ থেকে দেশের সকল কৃষক, কৃষিশ্রমিক ও কৃষির সঙ্গে সম্পৃক্ত মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
শুভ অগ্রহায়ণ। শুভ নবান্ন।
লেখক: শেখ সাদী, ম্যানেজিং ডিরেক্টর এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি লিমিটেড।

























