রাজন্য রুহানি, জামালপুরঃ
যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জামালপুরে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সংযোগ স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর ও কেয়ার বাংলাদেশ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর সমন্বয় প্রয়োজন। স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে মোঃ নুরুজ্জামান চৌধুরী বলেন, দেশের এক-তৃতীয়াংশ যুব জনগোষ্ঠীকে শুধু সরকারি রাজস্ব খাতের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থানে যুক্ত করা সম্ভব নয়। এ বাস্তবতায় বিশ্বব্যাংকের সহায়তায় EARN প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি জানান, দেশের ২৫০টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে। এর মধ্যে জামালপুর জেলার ইসলামপুর, জামালপুর সদর ও মেলান্দহ উপজেলা রয়েছে।
স্থানীয় শ্রমবাজার ও বেসরকারি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব চাহিদার ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তর, কেয়ার বাংলাদেশ ও সহযোগী সংস্থাগুলো প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও তথ্যপ্রযুক্তি খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, চাহিদাভিত্তিক এ উদ্যোগ বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলায় প্রায় ৫৬ হাজার NEET যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে জামালপুর জেলায় লক্ষ্যমাত্রা ৭ হাজার ৯৮০ জন।
NEET বলতে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন, এমন যুবদের বোঝায়। তাঁদের শ্রমবাজার-উপযোগী দক্ষতা অর্জন, চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
কর্মশালায় কেয়ার বাংলাদেশের পক্ষে ময়মনসিংহ রিজিওনের ফোকাল মোঃ গোলাম রব্বানী প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় মোঃ শাহআলম ময়মনসিংহ বিভাগ ও জামালপুরে গৃহীত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। জামালপুর অঞ্চলে কেয়ার বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। যৌথ বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (MAWTS)।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানসহ বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনায় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং নারী ও সুবিধাবঞ্চিত যুবদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জামালপুরের যুবদের জন্য টেকসই কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















