বাকের আহমেদ খান, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়ির চালককে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ চালক মোঃ মামুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মামুন নওগাঁ সদর থানার সুলতানপুর এলাকার মৃত সাজু মিয়ার ছেলে।
পুলিশ উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




















