মোঃ রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা পৌর শহরের একটি বসতবাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্মীকে আটকে রেখে মালামাল ও ২ হাজার ৫০০ মার্কিন ডলার লুটের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতা ও তাঁর স্ত্রীসহ অজ্ঞাতপরিচয় আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা ওমর ফারুক সারজিল বরগুনা জেলা ছাত্রদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক। তাঁর স্ত্রী উর্বানা অন্নি আক্তারকেও মামলায় আসামি করা হয়েছে। গত ২২ নভেম্বর রাতে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা বেল্লাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা পোস্ট অফিসের দক্ষিণ পাশে মেরিন ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিনের মালিকানাধীন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ভবনটির মালিক কাজের প্রয়োজনে অধিকাংশ সময় দেশের বাইরে থাকায় সেটি দেখাশোনার দায়িত্বে ছিলেন বেল্লাল হোসেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে বেল্লাল হোসেন পারিবারিক কাজে বাড়িতে যাওয়ার সময় ভবনটি দেখাশোনার জন্য মো. লিটন নামের এক ব্যক্তিকে রেখে যান। সন্ধ্যার দিকে ছাত্রদল নেতা সারজিলসহ কয়েকজন ওই ভবনের নিচতলায় প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা অস্ত্র দেখিয়ে লিটনকে ভয়ভীতি প্রদর্শন করেন, তাঁর মুঠোফোন কেড়ে নেন এবং একটি কক্ষে আটকে রাখেন।
পরে তাঁরা ভবনের বিভিন্ন কক্ষে থাকা ফ্রিজ, এসি, টেলিভিশন, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, কম্বল, পোশাক, ফ্যান, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন আসবাব ও গৃহস্থালির মালামাল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া স্টিলের আলমারি ও লকার ভেঙে ২ হাজার ৫০০ মার্কিন ডলার, জমির দলিল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগও করা হয়েছে।
এজাহারে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৮ হাজার ৮৭৫ টাকা উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী বেল্লাল হোসেন বলেন, ‘আব্বাস উদ্দিনের বাসা দেখাশোনার দায়িত্ব আমার। ঘটনার দিন পারিবারিক কাজে বাড়িতে যাই। পরিচিত লিটনকে ভবনটি দেখাশোনার জন্য রেখে আসি। সন্ধ্যার দিকে সারজিলসহ কয়েকজন এসে লিটনকে ভয় দেখিয়ে মালামাল নিয়ে যান। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা স্পষ্ট দেখা যায়।’
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা ও তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সানাউল্লাহ সানি বলেন, ‘সারজিলের বিরুদ্ধে সদর থানায় লুটের মামলা হয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘গতকাল রাতে সারজিলসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে লুটের মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’




















