নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি দোকানের মালিককে পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বকের মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি দোকান থেকে মোট ৩০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে দোকান মালিকদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে ভবিষ্যতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় মহাদেবপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক।




















