মো: মহিবুল ইসলাম মিলন, ডিমলা,(নীলফামারী):
নীলফামারীর ডিমলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় নারীদের কর্মী নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে।
কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১০ জন নারীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ১৫ জনকে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার ৯ নম্বর টেপাখড়িবাড়ি ও ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন, পূর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা প্রোগ্রামার শাহনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. বজলুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
লটারিতে নির্বাচিত হয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, নিয়োগসহ সরকারি প্রতিটি কার্যক্রমে এ ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হলে দেশ আরও এগিয়ে যাবে।
নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের বাছাইয়ে প্রকাশ্য লটারি করা হয়েছে। যারা আগে একাধিকবার এ প্রকল্পে কাজ করেছেন কিংবা আর্থিকভাবে সচ্ছল তাদের বিষয়ে যাচাই-বাছাই করে তাদের লটারি থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রকৃত অসহায় নারীরাই লটারির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। এভাবে প্রকৃত উপকারভোগীদের সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।




















