রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭ নং তাড়াইল-সাচাইল ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী আফজালুর রহমান শামীম-এর উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে তাড়াইল-সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের ঈদগ্রাহ মাঠে আয়োজিত এ সভায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ করা যায়।
আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী আফজালুর রহমান শামীম বলেন, ৭ নং তাড়াইল-সাচাইল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি শোষিত ও অবহেলিত মানুষের পাশে থেকে সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও যুবসমাজের কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
সভায় বক্তব্য রাখেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত এলাকাবাসী আফজালুর রহমান শামীম-এর সততা, কর্মঠ ব্যক্তিত্ব ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সুখে-দুঃখে যাকে সব সময় পাশে পাওয়া যায়, এমন একজন যোগ্য ব্যক্তিকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তারা একযোগে আফজালুর রহমান শামীম-এর পক্ষে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন এবং পূর্ণ সমর্থন জানান।
সভা শেষে আফজালুর রহমান শামীম এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি মোনাজাত ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।




















