লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০) ও বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।
স্থানীয়দের বরাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাবিবুর ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরও চারজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















