কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে যান সাজুল হোসেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি লাগে।
ঘটনার পর আহত সাজুলকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পেয়ে জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। সীমান্তের এপারে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি পাল্টা ফায়ার করে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন বিজিবি সদস্যরা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
অন্যদিকে,সীমান্তে গুলিবর্ষণের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।




















