শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে ফেনী জেলার পরশুরাম মডেল থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
র্যালি পরবর্তী আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব, সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে নবাগত পুলিশ সুপার পরশুরাম মডেল থানাধীন নিজকালিকাপুর বল্লামুখা জিরো পয়েন্টে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু: সাইফুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো: ইমতিয়াজ আহম্মেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিজকালিকাপুর বিওপির কোম্পানি কমান্ডারসহ জেলা পুলিশ ও বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















