মো. আরফান হোসেন বাবর হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ।
প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারীদের কিভাবে সঠিক ও স্বচ্ছভাবে পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে, ফ্যামিলি কার্ডের অ্যাপস ব্যবহার, ডাটা এন্ট্রি এবং মাঠ পর্যায়ে কাজ করার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রজেক্টরের মাধ্যমে অনলাইন সিস্টেমের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক প্রশিক্ষকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও স্বচ্ছ ও সহজ হবে এবং প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো সহজেই সরকারি সুবিধার আওতায় আসবে। জনস্বার্থে এই কার্যক্রম শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন করতে সকল তথ্য সংগ্রহকারীকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।




















