মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের জন্মলগ্ন থেকেই সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা ও কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, শহীদুজ্জামান সাজু, জুয়েল আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজুল হক, ইদ্রিস আলী, মাসুদ, মোল্লা দুলাল, এলিজ ও হেলাল আহমেদসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















