মাসুদ রানা মনি রামগঞ্জ (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ছে অনুমোদনহীন অপরিকল্পিত নগরায়ন।ফলে দিন দিন ঝুঁকি বেড়েই চলেছে। জানা গেছে এ পৌরসভায় প্রায় ৭০ শতাংশ ভবনই অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ অব্যাহত থাকায় নগর ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পৌর এলাকার একটি বড় অংশ বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে। একই সঙ্গে অগ্নিকান্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে বড় ধরনের ঝূঁকি তৈরি হতে পারে।
পৌরসভা সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌর এলাকায় মোট ৪ হাজার ৬১৪টি ভবন রয়েছে। এর মধ্যে অনুমোদিত ভবনের সংখ্যা মাত্র ১ হাজার ৩৬৫টি। অর্থাৎ ৩ হাজার ২৪৯টি ভবনের অনুমোদনের তথ্য নেই, যা মোট ভবনের প্রায় ৭০ শতাংশ। সূত্রে আরো জানান, ভবন নির্মান আইন অনুযায়ী পৌর এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে নকশা অনুমোদন, রাস্তার প্রস্থ, ভবনের উচ্চতা, অগ্নিনিরাপত্তা, ড্রেনেজ ব্যবস্থা ও খোলা জায়গা রাখার মতো বিষয়গুলো নিশ্চিত করার কথা থাকলেও অনেক ভবনের মালিক তার কিছুই মানছেন না। ফলে ভবিষ্যতে জটিলতা আরো প্রকট আকার ধারণ করার আশংকা দেখা দিয়েছে।
এদিকে ভবন মালিকদের অভিযোগ, অনুমোদনের জন্য পৌরসভায় আবেদন করলেও নানা জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে অনেক ক্ষেত্রে অনুমোদন পাওয়া যায় না। তবে পৌরসভা কর্তৃপক্ষ জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন বিভিন্ন জটিলতার কারণে অনেক সময় অনুমোদনের একটু দেরী হতে পারে কিন্তু ভবনের মালিকদের তা সহ্য না হওয়ার কারনে ঢালাও ভাবে পৌর কতৃপক্ষের উপর চাপিয়ে দেয়।




















