রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি :
জামালপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার বোসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার রশিদপুর গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. রুমান (৪০) এবং বোসপাড়া এলাকার খন্দকার মৃত আব্দুল হান্নানের ছেলে খন্দকার মো. আবু বকর আলম (৫০)।
ডিএনসি সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। এ সময় বোসপাড়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার গ্রেপ্তার দুজনকে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ সময় আদালতের নির্দেশে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।




















