রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং মাদক কারবারে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই ওয়ার্ড নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন— উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক ব্যবসায় আর্থিক লেনদেন ও সম্পৃক্ততার অভিযোগ ওঠে ওই দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ার পর তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে ৭ অক্টোবর তাদের স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, একই অভিযোগে অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানকে (মনা) লিখিত জবাবে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়েব পাটোয়ারী জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে নেওয়া এই পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।





















