রাজন্য রুহানি, জামালপুর :
জামালপুরে দেশি পণ্যের সমাহারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলার কার্যক্রম। মেলায় স্থান পাওয়া ৮৪ টি স্টলে পাওয়া যাবে দৈনন্দিন ব্যবহার্য নিত্যনতুন ও বাহারি সব পণ্য।
বুধবার ৭ অক্টোবর রাতে পুরাতন পুলিশ লাইন্স মাঠে (সদর থানার পেছনে) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই মেলার আনুষ্ঠানিক কার্যক্রম। মেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
মেলা উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ইয়াহিয়া আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন- একটা মেলার লক্ষ্য হচ্ছে স্থানীয় যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে সারাদেশের মধ্যে তুলে ধরা এবং সারাদেশে পণ্যের বাজারকে পরিচিতি করা। সঙ্গত কারণে জামালপুরের একটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে হস্তশিল্প। আমরা দেখেছি হস্তশিল্প এখানে যতটা প্রসার, বাণিজ্যিকরণের ক্ষেত্রে আমরা ততটা অগ্রসর হতে পারি নি। এই মেলার মধ্য দিয়ে এই জাতির সম্ভাবনাগুলোকে সারাদেশের মানুষের মাঝে তুলে ধরার একটা সুযোগ তৈরি হয়। এখানে কাঁসা শিল্পের কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, আরও একটি সম্ভাবনাময় শিল্প আছে বলে আমি মনে করি। সেটা হলো পাট জাতীয় উৎপাদিত পণ্য। এই পণ্যটাও যদি আমরা এখানে পরিচর্যা করতে পারি, প্রশিক্ষণ দিয়ে এটাকে সারাদেশে পরিচিত করা সম্ভব এবং এটার চাহিদাও আগের তুলনায় অনেক বেড়েছে।
তিনি বলেন, এই মেলার মূল লক্ষ্য হচ্ছে আমাদের স্থানীয় শিল্প ও উৎপাদিত পণ্যকে সারাদেশে প্রসার ঘটানো। এখানে আইনশৃঙ্খলার সার্বিক বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে। যাতে করে কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এবং মেলার বিঘ্নতা না ঘটে। একই সাথে জামালপুরে অশান্তি সৃষ্টি না হয় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখা প্রয়োজন।
সুরাইয়া জান্নাত এলমার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশন আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেনগাড়ি, সাম্পান নৌকা, ডরেমন ট্রেন, হানিসিং ও ওয়াটারবোড।
মেলায় দেশি পণ্যসহ বিভিন্ন প্রসাধনীর সমাহারে ৮৪ টি স্টল স্থান পেয়েছে। মেলা সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে বলে জানান কর্তৃপক্ষ।
মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ও নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক সহযোগিতা এ মেলাটি শুরু হয়।





















