লালমনিরহাট প্রতিনিধি:
মাত্র ১ হাজার ৬০ টাকা বেতনে শিক্ষকতা জীবন শুরু করেছিলেন ১৯৯১ সালের ১ অক্টোবর। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় শিক্ষার্থীদের পড়িয়েছেন, দায়িত্ব পালন করেছেন সহকারী শিক্ষক থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে। সেই প্রিয় কর্মস্থল কাশিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকেই এবার অশ্রুসিক্ত বিদায় নিলেন খায়রুল আলম প্রামাণিক।
বুধবার (৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে তাঁর বিদায় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
জানা গেছে, ১৯৯১ সালের ১ অক্টোবর মাত্র ১ হাজার ৬০ টাকা বেতনে কাশিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন খায়রুল আলম প্রামাণিক। তখনকার সময়ের অজপাড়াগাঁয়ের এই স্কুলের শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠেন প্রিয় শিক্ষক। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।
বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, দায়িত্ব পালনকালে খায়রুল আলম প্রামাণিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার কথা স্মরণ করে বক্তারা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে শিক্ষার্থী ও সহকর্মীদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন খায়রুল আলম প্রামাণিক। এ সময় অনেক শিক্ষার্থী ও সহকর্মীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।
পরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাঁকে বিদায় জানান শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা। দীর্ঘদিনের কর্মস্থল থেকে তাঁর বিদায়ের মুহূর্তটি উপস্থিত সবার মাঝে এক আবেগঘন স্মৃতি হয়ে থাকে।





















