রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে পাচারের পথে ৩০ বস্তা সরকারি ডিএপি সারের একটি অটোরিকশাকে জনতা আটক করেছে। পরে তাড়াইল থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে সারগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দামিহা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী থানায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে সার পাচারের দায়ে চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৩০ বস্তা সার উপজেলা কৃষি অফিসের জিম্মায় দেয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়কে দায়িত্ব দেয়া হয় সরকার নির্ধারিত মূল্যে নিলামের মাধ্যমে কৃষকদের মাঝে ৩০ বস্তা সার বিক্রি করার জন্য।
আটককৃত অটোরিকশা চালক নান্দাইল উপজেলার শুভখিলা গ্রামের আব্দুস সালাম জানায়, সে নান্দাইল বাজারের এক সার ডিলারের গোডাউন থেকে সারগুলো ইটনা উপজেলার চৌগাঙ্গা বাজারে নিয়ে যাচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা করে ৩০ বস্তা ডিএপি সার কালোবাজারে অন্যত্র পাচার করা হচ্ছিল। রাতে অটোরিকশাটি দামিহা বাজারে পৌঁছালে স্থানীয় লোকদের সন্দেহ হয়। সরকারি বস্তায় সার দেখে তারা অটোরিকশাটি আটক করে তাড়াইল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অটোরিকশার সার জব্দ করে থানায় নিয়ে যায়।
তাড়াইল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, সরকারি সার কালোবাজারে বিক্রি ও পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনতা সচেতন থাকায় এই পাচার রোধ করা সম্ভব হয়েছে। এজন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই। আটককৃত সার নিলামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হবে।





















