রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
সভায় উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি এনামুল হক , সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অজয় সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিশুক ভৌমিক ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, যানবাহন চলাচল এবং পূজার সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, তাড়াইলে সব ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্য রয়েছে। এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানালে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উৎসব সবার—তাই দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে আমরা তাড়াইলে একটি সুন্দর ও আনন্দমুখর দুর্গাপূজা উপহার দিতে চাই।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার ১৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।





















