শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ ও তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে এলাকার সচেতন নাগরিকদের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসিনুল ইসলাম, ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমুর রহমান এবং ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মাস্টার আবু অহিদ বাবলু।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মমতাজ, ফজর ও কাজল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তাদের কথিত মাদক কর্মকাণ্ডের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মাদকের ঝুঁকিতে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, সম্প্রতি ক্ষুব্ধ জনতা ওই তিনজনের বাড়িঘরে ভাঙচুর চালালেও মাদকসংক্রান্ত তৎপরতা বন্ধ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এ অবস্থায় দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশ থেকে এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী সাইদুজ্জামান চৌধুরী খোকন, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আবদুর মান্নান, মুহুরি মহিদুল ইসলাম, খেলোয়াড় জহুরুল ইসলাম, মুস্তাফিজুর, আজিজ, টুটুল, খোরশেদ, শাহেব আলী, হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।





















