স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়া, ৬ অক্টোবর ২০২৬: বগুড়ায় একটি জুয়েলার্সে জাল টাকার বান্ডিল দিয়ে সোনার চেইন নেওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তি চেইন নিয়ে দোকান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকার বান্ডিল জব্দ করেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের মেরিনা রোডের আনোয়ারা সুপার মার্কেটের এম এ খান লেনে তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক আব্দুল বারী জানান, দুপুরে সাদা শার্ট পরা এক ব্যক্তি দোকানে এসে সোনার চেইন দেখতে চান। পরে তিনি ৬ দশমিক ২৪ গ্রাম ওজনের ‘সাবিত্রী চেইন’ মডেলের একটি চেইন পছন্দ করেন। গহনাটির মূল্য পরিশোধের জন্য ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল এবং আলাদাভাবে আরও ১১ হাজার টাকা দেন।
দোকানি টাকা গণনা ও যাচাই করছিলেন। এ সময় অন্য এক ক্রেতার সঙ্গে কথা বলার সুযোগে ওই ব্যক্তি চেইনটি নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান।
পরে টাকা যাচাই করে জাল নোটের বিষয়টি ধরা পড়ে বলে জানান জুয়েলার্স মালিক। ক্যাশ মেমোতে ওই ব্যক্তি নিজের পরিচয় বগুড়া ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ‘মেজর ছাব্বির রহমান’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে দোকান মালিকের দাবি, পরিচয়টি ভুয়া।
খবর পেয়ে বগুড়া সদর থানার এসআই রাজিব পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ জাল টাকার বান্ডিল জব্দ করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, ঘটনার বিষয়ে দোকান ও মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ওই ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার চেইন নিয়ে চম্পট, সিসিটিভিতে প্রতারক শনাক্তের চেষ্টা
-
সিটি পোস্ট ডেস্ক - আপডেট সময় : ১১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- 38
ট্যাগ
জনপ্রিয়


















