তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সাতটি মামলা দায়ের করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে মৌলভীবাজার পৌরশহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় চারটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযানে মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির এর নেতৃত্বে শহরের শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় তিনটি মামলা দায়ের করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, পৌরশহরের সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নি*র্বিঘ্ন রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে অবৈধ দখল ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















