ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তব্য দেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা লিপিকা রায়, ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আমজাদ হোসেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মল্লিক হোসেন এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, শিক্ষকই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্বও শিক্ষকদের ওপর বর্তায়। এ দায়িত্ব পালনে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত সক্ষমতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা এবং নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অবদান আরও সুদৃঢ় করতে হবে।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষকদের দায়িত্ব, পেশাগত মর্যাদা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।



















