গাইবান্ধা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গাইবান্ধা স্টেশন জামে মসজিদ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম এমপি। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল করিম এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচিতে গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, শহর জামায়াতের নেতা তোফায়েল আহমেদ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌসসহ জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















