পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে নতুন
প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে উত্তরের জেলা পঞ্চগড় থেকে সিলেট পর্যন্ত সাইকেল ভ্রমণে নেমেছেন যুক্তরাজ্যের ২৬ জন নাগরিক।
একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা এ আয়োজনের
অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় জেলা সদরের মুক্তাঞ্চলের চাওয়াই নদীর সেতু সংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ পয়েন্ট হতে বর্ণাঢ্য সাইকেল ভ্রমণের আনুষ্ঠানিক
যাত্রা শুরু হয়।
সান ফ্লাওয়ারের দাতা সংস্থা ‘ব্ল্যাকস্টোন চ্যারিটি’র উদ্যোগে এই ব্যতিক্রমী ভ্রমণের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ কারী ২৬ জনই ব্রিটিশ নাগরিক, যাদের অধিকাংশের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট অঞ্চলে।
আয়োজকরা জানান, পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন জেলা ও জনপদ পাড়ি দিয়ে তারা বাইসাইকেলে করে সিলেটে পৌঁছাবেন। এর আগে এই দলের সদস্যরা টেকনাফ থেকে সিলেট পর্যন্ত একই ধরনের সাইকেল ভ্রমণ সম্পন্ন করেছিলেন।
এবারের আয়োজনের মূল উদ্দেশ্য হলো—যুক্তরাজ্যে বেড়ে
ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন, আদি প্রকৃতি ও তাঁদের পূর্বপুরুষের ভিটেমাটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
ভ্রমণ চলাকালীন তারা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন এবং এই প্রচারণার মাধ্যমে সংগৃহীত তহবিল বাংলাদেশের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হবে।
সান ফ্লাওয়ারের প্রধান নির্বাহী আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, “এই সাইকেল ভ্রমণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের প্রকৃতি ও নিজেদের শিকড়কে খুব কাছ থেকে জানার সুযোগ পাবেন। পাশাপাশি এটি একটি চ্যারিটি উদ্যোগ। অর্জিত তহবিল এ দেশের মানুষের কল্যাণেই ব্যয় করা হবে। আমরা এই দীর্ঘ যাত্রার নিরাপত্তা ও সফল
সমাপ্তির জন্য স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।”
আয়োজকদের মতে, এটি কেবল একটি সাধারণ সাইকেল অভিযান নয়; বরং বাংলাদেশের সঙ্গে ব্রিটিশ নাগরিকদের এবং প্রবাসী বাংলাদেশিদের আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। এ ধরনের উদ্যোগ দেশের পর্যটন ও আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















