লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের মারধরে অ্যাডভোকেট হুমায়ুন কবির আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নবাবেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, তাদের পৈতৃক জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার দুপুরে তিনি আদালতে অবস্থান করছিলেন। এ সময় বাড়ি থেকে ফোন করে জানানো হয়, একটি ভেকু মেশিন নিয়ে ৬০ থেকে ৭০ জন লোক তাদের বাড়িতে এসেছে এবং ভাঙচুরের চেষ্টা করছে।
খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তিনি তাদের বাধা দেন। এ সময় তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, “আমি বাধা দিলে তারা সবাই মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে নিরুপায় হয়ে ট্রিপল নাইনে ফোন করি। বাসা থেকে সদর থানা প্রায় এক কিলোমিটার দূরে হলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। বর্তমানে আমি অসুস্থ। হাসপাতালে ভর্তি হব এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেব।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, “বিষয়টি আমি জানি। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তিনি ট্রিপল নাইনে ফোন করেছিলেন। যতটুকু জানতে পেরেছি, বিষয়টি পারিবারিক বিরোধ। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে জমি দখল করে রাখার অভিযোগ রয়েছে। এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।”
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। তবে হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।




















