কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে নতুন করে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়লেও আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত এক সপ্তাহে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের কিট ও এনএস-১ (NS1) পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের মশারির ভেতরে রেখে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক বলেন, আবহাওয়া পরিবর্তন ও থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার বাড়ছে। এতে ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা বাড়ানো সবচেয়ে জরুরি।
তিনি বলেন, বাড়ির আশপাশে, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের বেশি রাখতে দেওয়া যাবে না। কারও তীব্র জ্বর, শরীর ব্যথা বা বমি ভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।




















