পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আলমগীর প্রধান উপজেলার রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। আহতরা হলেন—কাচাড়ীপাড়া এলাকার তন্ময় এবং দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সৈকত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি মোটরসাইকেল আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সংঘর্ষের তীব্রতায় একটি মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, আহত তন্ময় প্রায়ই এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতেন এবং দুর্ঘটনার সময়ও তাঁর গাড়ির গতি অতিরিক্ত ছিল।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, শিক্ষক আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে তন্ময়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এলাকার একজন জনপ্রিয় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















