সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ )
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন খিরা আবাদ শুরু হয়েছে। কৃষকেরা বেশি হারে ফলন মেলে এমন জাতের বীজ জমিতে বুনছেন। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে মোট ৩৭৫ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টরে আর রবি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা আবাদী মাঠে কৃষকেরা খিরা ফসলের আবাদ শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে কৃষক আঃ হামিদ ১৩ শতক ও কৃষক আলাউদ্দিন মিয়া ১৭ শতক জমিতে খিরা আবাদ করেছেন। এরা বেশি হারে ফলনশীল বীজ কিনে জমিতে লাগিয়েছেন। এরই মধ্যে বীজ থেকে চারা গজিয়েছে।

গতকাল খিরার চারায় কীটনাশক ঔষধ স্প্রে করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী
বলেন কোনো কোনো এলাকায় খরিপ-২ মৌসুমে খিরা আবাদ করা হচ্ছে। আগামী রবি মৌসুমে সবচেয়ে বেশি
পরিমাণ জমিতে খিরা ফসল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করছেন রবি মৌসুমে খিরা আবাদ বিগত বছরগুলোর মতো হবে। খিরা আবাদে বেশি হারে ফলন মেলে এমন বীজ লাগানো এবং পরিমিত সার ব্যবহার করার কথা বলেন।
















