মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ঐতিহাসিক ফুটবল মাঠে দুইটি বিদ্যুতের খুঁটি থাকার কারণে দীর্ঘদিন ধরে খেলাধুলায় মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অভিযোগ, মাঠের মাঝামাঝি স্থানে থাকা এই খুঁটি দুইটি খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং নিয়মিত খেলার পরিবেশ ব্যাহত করছে।
জানা যায়, প্রায় ৬ মাস আগে এলাকাবাসী ও খেলোয়াড়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে খুঁটি অপসারণের আবেদন করেন। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে স্থানীয় ফুটবল খেলোয়াড়দের।
স্থানীয় ক্রীড়াবিদরা জানান, খেলার সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে দ্রুতগতির খেলায় খুঁটির কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেন। এতে করে অনেকেই নিয়মিত খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছেন।
কাস্তুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম. সাজন উদ্দিন ভুঁইয়া বলেন, “আমাদের এই মাঠে নিরাপদভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য দ্রুত বিদ্যুতের খুঁটি অপসারণ করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিপুটি জেনারেল ম্যানেজারের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের খুঁটি দুইটি সরিয়ে নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
















