বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী মহিষখলা বাজারে মাসুম বিল্লাহ ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, দোকান মালিক মোঃ মাসুম বিল্লাহ দুপুরে বাড়িতে লাঞ্চ করার জন্য গিয়েছিলেন। এই ফাঁকেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুন লেগে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, আগুনে তার দোকানে থাকা একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর এবং দোকানের সকল কীটনাশক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরে আশেপাশে থাকা দোকানদারগণের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।
এ বিষয়ে পাশের দোকানদার মোঃ মঞ্জুরুল হক বলেন, “দুপুরে হঠাৎ দেখি মাসুম ভাইয়ের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা দৌড়ে এসে দেখি ভিতরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক সবাই মিলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আল্লাহর রহমতে আগুন অন্য দোকানে ছড়ায়নি, না হলে বড় ক্ষতি হয়ে যেত।”
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাসুম বিল্লাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমি গরিব মানুষ। আমার সব শেষ হয়ে গেছে। দোকানে থাকা ল্যাপটপ, প্রজেক্টর সহ সমস্ত কীটনাশক পুড়ে ছাই হয়ে গেছে।”
এ বিষয়ে মহিষখলা বাজার ইজারাদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বাজারের সকল ব্যবসায়ীদের বৈদ্যুতিক লাইন নিয়মিত পরীক্ষা করার অনুরোধ করছি।”
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম শাহাবুদ্দিন (পিপিএম) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বাজারের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা দোকান বন্ধ করার আগে অবশ্যই বৈদ্যুতিক সুইচ বন্ধ করে যাবেন। পুরাতন ও জরাজীর্ণ বৈদ্যুতিক তার দ্রুত পরিবর্তন করুন এবং দোকানে অতিরিক্ত লোড দেবেন না। একটি ছোট অসতর্কতা থেকেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। সকলে সচেতন থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব। পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।”





















