একরামুল হক লাবু, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দায়েরকৃত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ আনারুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ নীলফামারী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন। গ্রেফতারকৃত আনারুল জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১২ সেপ্টেম্বর, ২০১৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান সাড়ে সাত ঘটিকার সময় চলাচলের রাস্তা ও পূর্ব শত্রুতার জেরে মকবুল হোসেন (৫৬) প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হলে তার লোকজন তাকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগী মকবুল হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার বিষয়ে নিহতের ভাই মোঃ মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ২১)। মামলা দায়েরের পরে, আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবিও গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর,২০২৬ তারিখ সাড়ে পাঁচ ঘটিকার সময় নীলফামারী জেলার ডিমলা থানাধীন জিহাদ বাজার নামক গ্রামে অভিযান পরিচালনা করে আলোচিত হত্যা মামলার ০৪ নং এজাহারনামীয় আসামি মোঃ আনারুল ইসলামকে গ্রেফতার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান। তিনি আরো জানান সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















