পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন—পদক্ষেপ নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম দিপুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ডায়াবেটিস সমিতির সিনিয়র চিকিৎসক ডা. হাবিবুর রহমান, হার্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নাসিম আলী, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আহসানুল কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হৃদরোগের লক্ষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সভায় হার্ট ফাউন্ডেশনের সদস্য, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



















