হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী মাধখলা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা। একাডেমিক সাফল্যে জেলায় প্রথম স্থান অর্জন করলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে চরম বেহাল দশায় পড়েছে স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। বর্তমানে প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায় পর্যন্ত প্রায় ১৩০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। তবে বহুতল ভবন এবং সীমানা প্রাচীর (বাউন্ডারি) না থাকায় একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম, অন্যদিকে বহিরাগত বখাটেদের অবাধ যাতায়াত ও উত্যক্তকরণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার চারপাশ উন্মুক্ত থাকায় প্রতিদিন বহিরাগত বকাটে ছেলেদের উৎপাত বাড়ছে। ক্লাসরুমের জানালা দিয়ে সরাসরি শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি ও উত্যক্ত করার ঘটনা অহরহ ঘটছে। শুধু ক্যাম্পাসের ভেতরেই নয়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথেও ছাত্রীদের নিয়মিত যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। এতে বাধ্য হয়ে সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে পাঠগ্রহণে অংশ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষকবৃন্দের।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, সীমানা প্রাচীরটুকু অন্তত নির্মাণ করা গেলে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ হতো এবং ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপদ পরিবেশে ক্লাস করা সম্ভব হতো।
অবকাঠামোগত এই অবহেলার বিষয়ে মাধখলা কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মীর আরিফ রব্বানী বলেন, “বিগত সরকারের আমলে হোসেনপুর উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও আমাদের এই শতবর্ষী প্রতিষ্ঠানটিকে অজ্ঞাত কারণে বঞ্চিত রাখা হয়েছে। ফলাফলে জেলায় প্রথম হলেও অবকাঠামোর দিক থেকে আমরা অত্যন্ত অবহেলিত।”
তিনি আরও জোর দিয়ে বলেন, ১৩০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ এবং নতুন বহুতল ভবন বরাদ্দ দেওয়া প্রয়োজন।
শিক্ষার গুণগত মান ধরে রাখা এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত বহুতল ভবন অনুমোদন ও চারপাশের বাউন্ডারি নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।





















