ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি
দেশের স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলা ড্যাব এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঘিরে চলমান অস্থিরতা দেশের চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য দেন জেলা ড্যাবের সভাপতি ডা. মাহফুজার রহমান (মারুফ), কোষাধ্যক্ষ ডা. রেদোয়ানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তারুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আরিফুল হাসান, ডা. মারুফা জাহান মীম, ডা. খাইরুম মুনিরা, ডা. আব্দুস সালাম এবং ডা. আসিফ ইকবাল।
বক্তারা আরও বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। ফলে স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের অস্থিতিশীলতা চিকিৎসাসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন। তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, স্বাস্থ্যখাতের সংস্কার, চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে ড্যাব দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।



















