শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, “বিগত সময় দেশে জবাবদিহিমূলক কোনো সরকার না থাকায় ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। বিগত দিনের মতো কেউ আর চুরি করার সুযোগ পাবে না। সরকারি কাজগুলো আমরা সার্বক্ষণিক কঠোর মনিটরিং করছি বলেই এভাবে সরেজমিনে কাজ পরিদর্শন করতে এসেছি।”
তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর পরশুরামে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ উদ্বোধনের নির্ধারিত স্থান ও সভাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মুহুরী নদীর ভাঙনে বিগত দিনে এ অঞ্চলের অসংখ্য মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, সাধারণ মানুষকে সীমাহীন কষ্টে দিন কাটাতে হয়েছে। স্থানীয় মানুষের ঘরবাড়ি রক্ষা, সেচ সুবিধা প্রদান এবং নদীপাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় দেড় হাজার কোটি টাকা ব্যায়ে এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজও দ্রুত শুরু হবে। এই টেকসই বাঁধ ও সেচ ব্যবস্থার মাধ্যমে শত শত বছর ধরে ফেনীর মুহুরী কহুয়া নদীপাড়ের মানুষ উপকৃত হবে।
তিনি প্রকল্প এলাকায় নিয়মিত কাজ তদারকি করার আশ্বাস দিয়ে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “শুধু সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর করে বসে থাকবেন না, আপনারা নিজেরাও নিজ উদ্যোগে খোঁজখবর রাখবেন ঠিকমতো কাজ হচ্ছে কিনা। না হলে বিষয়টি জানাবেন। যাতে স্বচ্ছতার সঙ্গে পুরো কাজটি সম্পন্ন হয়”।
পরিদর্শনকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




















