কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে অবাধে গড়ে উঠেছে অটোস্ট্যান্ড। প্রতিদিন তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছে সর্বস্তরের মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বাজারের প্রধান সড়কে লেগে থাকা যানজটে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের সময় নষ্ট হচ্ছে। সেই সাথে বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, তাড়াইল সদর বাজারের এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ, এশিয়া ব্যাংক, জাওয়ার রোড, উপজেলা পরিষদ, মাদরাসা মার্কেট, মেইন রোডে অটোস্ট্যান্ড, মোটরসাইকেল পার্কিং, ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা এবং যত্রতত্র পণ্যবাহী ট্রাক লোড-আনলোড করার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গা থেকে আসা পথচারীদের দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে উপজেলা সদর বাজারে সাপ্তাহিক হাট শনিবার ও মঙ্গলবার হওয়ায় সেদিনের দুর্ভোগের যেন শেষ নেই।
আফতাব মিয়া, বকুল মিয়া ও মাহবুব আলমসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান, আমাদের তাড়াইল সদর বাজারে নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় প্রতিদিন অটোরিকশা ভিড় জমানোর কারণে অনেক সময় দেখা যায় ৩০ থেকে ৪০ মিনিট জ্যাম লেগে থাকে। এর দ্রুত সমাধান চান বলে তারা জানান। এছাড়াও পথচারী আবদুল কাদেরসহ অনেকেই জানান, নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় চারদিক থেকে আসা যানবাহন ও অটোস্ট্যান্ড রাস্তার ওপর দাঁড় করায় আমরা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এলাকাবাসীর দাবি, বাজারে একটি নির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থা, ফুটপাত দখলমুক্ত করা এবং বাজারের বাইরে অটো-স্ট্যান্ড স্থানান্তর করা জরুরি। অবিলম্বে তাড়াইল সদর বাজারের যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সর্বস্তরের মানুষ।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিজালা আখতার বলেন, তাড়াইল সদর বাজারের যানজট নিরসন ও সাধারণ মানুষের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাজারে সকল প্রকার পণ্যবাহী ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বাজারে প্রবেশ করলে তা উপজেলা প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।



















