পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় গণঅধিকার পরিষদের নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার মামলার আসামি সাবেক ইউপি সদস্য ছগীর হাওলাদারকে ৩ টি নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঠবাড়িয়া থানার দায়ের হওয়া তিনটি বিস্ফোরক আইনের মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দিতে গেলে গেলে বিজ্ঞ আদালত ছগীর হাওলাদারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুস সালাম।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার মামলাগুলোর মধ্যে মামলা নম্বর ১৫/২০২৫, জিআর নম্বর ২৭৭ মামলায় ছগীর হাওলাদার ৩৫ নম্বর আসামি। মামলা নম্বর ১৬/২০২৪, জিআর নম্বর ৩০৫ মামলায় ১৩ নম্বর আসামি। এছাড়া মামলা নম্বর ১৬/২০১৪, জিআর নম্বর ৩৪৩ মামলায় তিনি ৭ নম্বর আসামি হিসেবে রয়েছেন।
আরও জানা যায়, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর মঠবাড়িয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে উপজেলার মাঝেরপুল এলাকার ফরাজী বাড়ির সামনে শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ছগীর হাওলাদারকে ২ নম্বর আসামি করা হয়েছে যার মামলা নাম্বার জিআর ২৮১/২২।
ছগীর হাওলাদার তুষখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।




















