রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সরকারি কার্যক্রমে অপতথ্য রোধ করতে জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এই নির্দেশনা দেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর জেলার ফৌজদারী মোড়ে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী আরও বলেন, জেলা তথ্য বাতায়নে নোটিশ ও অফিস প্রধাণের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এর পাশাপাশি দ্বায়িত্বপ্রপ্ত কর্মকর্তার তথ্যও নিয়মিতভাবে হালনাগাদ করতে হবে। ওয়েব পোর্টালের হালনাগাদের বিষয়টি নিয়ে জেলা আইসিটি কমিটির সভায় আলোচনা করা হবে।
তিনি বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের যে সুযোগ বর্তমানে রয়েছে, তার সঠিক ব্যবহার করতে হবে এবং সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের সভাপতি শামিমা খান বলেন, অপতথ্য ও গুজব বিশেষ কোনো অঞ্চল বা রাষ্ট্র বা সমাজব্যবস্থার একক কোন সমস্যা না। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপতথ্য ও গুজব সৃষ্টি এবং বিস্তারকে সহজ করে দিয়েছে। এই ডিজিটাল নৈরাজ্য সমাজ ও রাষ্ট্রে গভীর আস্থার সংকট তৈরি করেছে। তিনি বলেন, সঠিক, বিশ^াসযোগ্য ও সময়োপযোগী তথ্যের অবাধ প্রবাহ যেমন গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি, তেমনি অপতথ্য, গুজব ও ভুয়াতথ্য নিয়ন্ত্রণের অন্যতম উপায়। এটি নিশ্চিত করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

দিবসটি উপলক্ষে জামালপুর জেলা তথ্য বাতায়নের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের জন্য তৈরি করা এই পোর্টালগুলোর একটি বড় অংশই হালনাগাদ নয়, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা। এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে পোর্টালগুলোর শতভাগ হালনাগাদের উদ্যোগ গ্রহন, স্বতন্ত্র সরকারি ওয়েব পোর্টাল জেলা তথ্য বাতায়নের সাথে যুক্ত করা. সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিশ্চিত করা, জনসম্প্রচার বৃদ্ধি করা এরকম সুনির্দিষ্ট এগারো দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম বলেন, অপতথ্য সঠিক তথ্য প্রকাশের অন্তরায়। বিভিন্ন মাধ্যমে যেভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে, এতে সঠিক তথ্য পাওয়ার জন্য সরকারি ওয়েব পোর্টালগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ডিজিটাল মধ্যমে তথ্যের উন্মুক্ততা থাকলে জনগনের হয়রানি কমবে এবং সেবা পাওয়া সহজ হবে। সভায় আরো বক্তব্য প্রদান করেন, জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুবাশে^রা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেকসভাপতি ফজলে ইলাহী মাকাম, ইয়েস দলনেতা আবৃতি আমিন ইভাসহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ছাড়াও জামালপুর সনাক এর সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে আলোচনা সভা ছাড়াও সনাক জামালপুর জাতীয় তথ্য বাতায়নে জামালপুর জেলার ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ এবং দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌছে দেয়ার জন্য ইয়েস সদস্যদের পরিচালনায় স্যাটেলাইট ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেবাগ্রহীতাদের নিকট ধারণাপত্র বিতরণের মাধ্যমে দিবসের বার্তা পৌছে দেয়া হয়।



















