ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের জালালী সরকারপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, বেড়া ভাঙার হুমকি এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ (৫০)।
এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে জালালী সরকারপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৬০), মো. খয়রুল ইসলাম (৩৫), মো. কালাম (৪০), মো. সালাম (৪৫) ও মো. মাসুদ রানা (২৫)-কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জালালী মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আব্দুল মজিদের দাবি, তার দাদা ফয়েজ উদ্দিন সরকার ও দাদার ভাই বদিউদ্দিন সরকারের নামে সিএস রেকর্ডভুক্ত সম্পত্তিসহ বিভিন্ন সময়ে ২৫টি দলিলের মাধ্যমে মোট ৯১ শতক জমি ক্রয় করা হয়েছে। এর মধ্যে ৮১ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী বলেন, তার প্রাপ্য ১৭ শতক জমি তাকে ভোগদখল করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে রেকর্ডীয় ও দলিলকৃত সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। এছাড়া অভিযুক্তদের বিক্রি করা ৭ শতক জমির দখলও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আব্দুল মজিদের বাড়ির পশ্চিম পাশে তার চাচাতো ভাই আসাদুজ্জামানকে দেখতে পেয়ে অভিযুক্তরা গালিগালাজ করেন। এ সময় তারা জমি দখল করে নেওয়া এবং ক্ষতিসাধনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন, আমার বাড়ির পশ্চিম পাশে থাকা টিউবওয়েলের বেড়া ভেঙে বাঁশ-বেরু ফেলে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। লাঠিসোঁটা, দা ও কোদাল নিয়ে এসে আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কা করছেন অভিযোগকারী ও তার স্বজনরা।
অভিযোগের সাক্ষী হিসেবে আসাদুজ্জামান (৩৫) ও নুরুল ইসলাম (৪৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, ঘটনার আরও সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, যা তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে আব্দুল মজিদ ভূল্লী থানা পুলিশের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বসতবাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এসব অভিযোগ অস্বীকার করে কালাম বলেন, আমরাদের কাগজ পত্র সব ঠিক আছে। আমরা তাদের কাছে জমি পাবো কিন্তু তারা আমাদের জমি দিচ্ছে না।
ভূল্লী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















